হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতি নির্বাচনে শরীফ মজুমদারের পক্ষে বাড়ছে জনসমর্থন
চাঁদপুরের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো বাজার। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের দ্বারে দ্বারে ছুটে দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
বুধবার (২৬ আগস্ট) হাজীগঞ্জ বাজার ঘুরে সরেজমিনে দেখা গেছে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী শরীফ মজুমদারের ‘পাঞ্জাবী’ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে। তরুণ ও উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যবসায়ীদের মধ্যে আস্থা, বিশ্বাস ও সমর্থন অর্জন করেছেন তিনি।
জানা গেছে, শরীফ মজুমদার দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সঙ্গে হাজীগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবেও রয়েছে তার সুপরিচিতি। তার নেতৃত্বে সমর্থকেরা ব্যবসায়ী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
শরীফ মজুমদার রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রির পাশাপাশি কামিল (এমএ) ডিগ্রি অর্জন করেছেন। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী শরীফ মজুমদার বলেন, “হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ীবান্ধব বাজার গড়ে তুলতে কাজ করতে চাই। স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করে ব্যবসায়ীদের কল্যাণে ভূমিকা রাখব।”
এদিকে শরীফ মজুমদারের ‘পাঞ্জাবী’ প্রতীকের সমর্থনে সর্বস্তরের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ‘পাঞ্জাবী’ প্রতীকের পক্ষে জনসমর্থন আরও দৃশ্যমান হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
উল্লেখ্য, আগামী ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



























