শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২১, ২৮ আগস্ট ২০২৬

কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫

কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে এহসান জাকারিয়াসহ পাঁচজনকে আটক করা হয়।

এ ঘটনায় কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।

মামলার বাদী ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ অভিযোগ করে বলেন, এনসিপির পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ মামলার আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন। পরে মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হবে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার (২৮ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয়