প্রজনন মৌসুম শেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন
মাছ ও বন্যপ্রাণীর প্রজনন সুরক্ষায় টানা তিন মাস বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটক ও বনজীবীদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। বন বিভাগের দাবি, এ সময়ে কঠোর নজরদারি ও সীমিত মানব উপস্থিতির কারণে বনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
প্রতি বছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ছিল। মাছের প্রজনন, বন্যপ্রাণীর বংশবৃদ্ধি এবং বনজ সম্পদের সুরক্ষায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
বন বিভাগ জানায়, নিষেধাজ্ঞাকালে মানুষের চলাচল বন্ধ থাকায় হরিণ, কুমির ও বিভিন্ন প্রজাতির পাখির স্বাভাবিক বিচরণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সুন্দরী, গেওয়া ও গরানসহ বিভিন্ন বৃক্ষের চারাও বাধাহীনভাবে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে।
এ সময়ে বন অপরাধ দমনে ৬৩টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৯টি মামলা দায়ের এবং ৩৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া ১২টি ট্রলার, ৫০টি নৌকা, ৫৫টি জাল এবং ছয় হাজারের বেশি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। বিষ প্রয়োগে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষ ও বিষযুক্ত মাছও উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমানে প্রযুক্তিনির্ভর স্মার্ট পেট্রোলিং ও ড্রোন নজরদারির মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। এর ফলে বন অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বনের ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় এ ধরনের মৌসুমি নিষেধাজ্ঞা অত্যন্ত কার্যকর। মানুষের চাপ কম থাকায় সুন্দরবন তার প্রাকৃতিক পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পেয়েছে, যা বন্যপ্রাণীর প্রজনন ও বাস্তুতন্ত্রের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবন পুনরায় উন্মুক্ত হলেও পর্যটন কার্যক্রম ও বনজীবীদের প্রবেশে কঠোর নিয়মকানুন অনুসরণ করা হবে। নৌযান চলাচল নিয়ন্ত্রণ, পাস-পারমিট ব্যবস্থার কড়াকড়ি এবং নিয়মিত নজরদারির মাধ্যমে বনের পরিবেশ রক্ষার উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞদের মতে, মৌসুমি নিষেধাজ্ঞার পাশাপাশি বছরজুড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ আরও কার্যকর হবে।



























