পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল-ইয়াবাসহ আটক ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট বিকেল ৪টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাটিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। সীমান্তের মেইন পিলার ৩৪০ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে স্বপন চন্দ্র রায় (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি পীরগঞ্জ উপজেলার রনসিয়া এলাকার নরেন্দ্র নাথ রায়ের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
পরবর্তীতে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মোটরসাইকেল ও অন্যান্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



























