মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৯, ৩১ আগস্ট ২০২৬

মা-নবজাতকের সেবায় নতুন দিগন্ত, মার্কিন সহায়তা

মা-নবজাতকের সেবায় নতুন দিগন্ত, মার্কিন সহায়তা
ছবিঃ প্রতিনিধি

বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও জনবান্ধব করে তুলতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এ সহায়তার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তরের সময় এ সহায়তার তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI ও ইউনিসেফের সহযোগিতায় এসব চিকিৎসা সরঞ্জাম দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার মুখপাত্র পূর্ণিমা রাইয়ের এক বিবৃতিতে জানানো হয়, এ সহায়তার আওতায় নবজাতকের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে নিউবর্ন ওয়ার্মার, শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা অটুট রাখতে কোল্ডচেইন সরঞ্জামসহ নানা ধরনের চিকিৎসা উপকরণ সরবরাহ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাস্তবভিত্তিক ও কার্যকর অংশীদারত্বের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী সহায়তার পরিসর বিস্তৃত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

দেশের প্রত্যন্ত, দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

জনপ্রিয়