বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ২ সেপ্টেম্বর ২০২৬

বোদায় তেলবাহী ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

বোদায় তেলবাহী ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
ছবিঃ প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।

আহতরা হলেন, বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০) এবং বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে বোদা বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন ইজিবাইক চালক শহিদুল ইসলাম। ইজিবাইকটি বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ছিটকে পড়ে এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর তেলবাহী ট্রাকটি পেছনে নেওয়ার সময় চালক শহিদুল ইসলামের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে বোদা হাইওয়ে থানা পুলিশ তেলবাহী ট্রাকটি জব্দ করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলবাহী ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার পর সড়ক অবরোধের পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়