ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।



























