পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া ৩৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখা। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা শহরের নিমনগরে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ সংবর্ধনা, আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের সাহিত্য সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগার সম্পাদক ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি এবং কামাত কাজলদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান এবং পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি নূরে আলম সালেহীন।
ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহিবুল্লাহ মুহিব।
আয়োজকরা জানান, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার জিপিএ-৫ পাওয়া ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিগণ, পাঁচ উপজেলার দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



























