শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

ভোলায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮
ছবিঃ সংগৃহীত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোট জব্দ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটজনকে আটক করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোট জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত আটক আটজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এসব সরঞ্জাম নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়