দিনাজপুরে ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশ ২০২৬-এর উদ্বোধন
“তারুণ্যের শক্তি, স্কাউটিংয়ের প্রতিশ্রুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলার আয়োজনে গোর-এ-শহীদ বড় মাঠে পাঁচ দিনব্যাপী সমাবেশের উদ্বোধন করা হয়। ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান এবং জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ।
সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এবারের জেলা স্কাউট সমাবেশে মোট ৮১টি দল অংশ নিয়েছে। এর মধ্যে ২৬টি গার্ল ইন স্কাউট দল রয়েছে, যা মেয়েদের স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত।
বক্তারা বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।
সমাবেশ চলাকালে ক্যাম্পিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজন তরুণদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



























