ঠাকুরগাঁওয়ে ১৩০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও শহরের ২৪ টিউবওয়েল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মাদকসহ মো. আনোয়ার হোসেন খোকন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ২৪ টিউবওয়েল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন খোকন পঞ্চগড়ের রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় আনোয়ার হোসেন খোকনের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হলে তাকে আটক করা হয়।
পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।



























