দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রমজান আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া ব্রিজপাড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রমজান আলী ঢাকার আব্দুল্লাহপুর এলাকার ৫৭ নম্বর ওয়ার্ডের মৃত ওলিয়ার হোসেনের ছেলে।
দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল করতোয়া ব্রিজপাড় বাজারে অভিযান চালায়। এ সময় রমজান আলীকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি মূসা মিয়া বলেন, রমজান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।



























