আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটোয়ারী থানাধীন পল্লীবিদ্যুৎ মোড় হতে বোদা বাজার গামী রাস্তার ৪ নং রাধানগর ইউনিয়নস্থ বোডবাজারের পূর্ব পাশে ইমাম পাড়া কালভার্টের উপর গ্রেপ্তার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মোঃ আইনুল হকের ছেলে মোঃ খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মোঃ মোস্তফা কামালের ছেলে মোঃ সবুজ (২৯)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(খ)/৩৮/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-১৮, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৬।



























