রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবিঃ সংগৃহীত

“বাহান্ন সন ফুরফুরে মন আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোসনা আনি আঁধার দুনিয়ায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, দিনাজপুর শহর শাখার উদ্যোগে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর শাখার উপদেষ্টা সভাপতি আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক, সামাজিক ও শিশু বিকাশমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখা জরুরি। একই সঙ্গে অভিভাবকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাহলেই শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠে ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আখের আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা আফজাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকরা।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, সংগীত ও একক অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন দিনাজপুরের স্বনামধন্য কবি, গীতিকার, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়