‘সাতক্ষীরার আকর্ষণ সুন্দরবন’—পর্যটন সম্ভাবনা তুলে ধরলেন বক্তারা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য ও সাতক্ষীরার পর্যটন সম্ভাবনা নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাতক্ষীরা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ মো. মনিরুজ্জামান, পিপিএম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার। এ ছাড়া সামাজিক বনায়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ এবং সুশীল সমাজের প্রতিনিধি মো. সাকিবুর রহমান বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাতক্ষীরার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ সুন্দরবন। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও জেলায় পর্যটনশিল্প এখনো প্রত্যাশিতভাবে বিকশিত হয়নি। সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্পের বিকাশে উন্নত যোগাযোগব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো পর্যটনকেন্দ্র এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
একই সঙ্গে পর্যটন উন্নয়নের পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করা হয়। পর্যটনকেন্দ্রগুলোতে প্লাস্টিক বর্জ্য কমানো, পরিবেশদূষণ রোধ এবং পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, ট্যুরিস্ট পুলিশ এবং সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



























