জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই ফারাক্কা চুক্তি হবে: প্রতিমন্ত্রী
মহানন্দা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী। ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তেঁতুলিয়া ডাকবাংলোয় নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
ফারাক্কা চুক্তির প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, ফারাক্কা চুক্তি ছিল ৩০ বছর মেয়াদি। এর মেয়াদ শেষ হওয়ায় নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে।
নদী ও খাল উদ্ধারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী-খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়েও কঠোরভাবে নজর দেওয়া হবে।
এর আগে সকালে মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। নদীর বর্তমান পরিস্থিতি, পরিবেশ ও পানিপ্রবাহসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
পরে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে নদী রক্ষা, আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা এবং নদী-খাল পুনরুদ্ধারের বিভিন্ন বিষয় উঠে আসে।
নোঙর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ‘নোঙর রিভার ক্যাম্প’ আয়োজন করা হবে। দেশের বিভিন্ন নদী ও জনপদ ঘুরে কর্মসূচিটি টেকনাফে গিয়ে শেষ হবে।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।



























