পঞ্চগড়ের বোদায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পঞ্চগড়ের বোদায় ৪ কেজি গাঁজাসহ মো. হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুন অর রশিদ ওই এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. আবু সাইমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. মাসুম বিল্লাহ। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম ও এএসআই আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, হারুন অর রশিদের বসতবাড়ির পূর্ব পাশে ধানক্ষেতের মাঝের একটি স্থানে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. এনায়েত কবির বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান আরও জোরদার করা হবে।



























