মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ৬ অক্টোবর ২০২৬

জাকারিয়া হত্যার বিচার দাবিতে উত্তাল সাতক্ষীরা

জাকারিয়া হত্যার বিচার দাবিতে উত্তাল সাতক্ষীরা
ছবিঃ প্রতিনিধি

“আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”—শোক আর ক্ষোভের এমন স্লোগানে মুখর হয়ে উঠেছিল সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়ক। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন তাঁর শোকাহত স্বজন ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং তাদের একটি অংশ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। তাদের দাবি, জাকারিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি কথিত কিশোর গ্যাংয়ের পেছনে থাকা মূল হোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। 

বক্তারা জাকারিয়া হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। 

মানববন্ধন শেষে শিক্ষার্থী ও স্বজনেরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। 

মিছিল থেকে সাধারণ শিক্ষার্থী ও জাকারিয়ার স্বজনেরা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের প্রতিবাদেই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

জনপ্রিয়