রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে এগারোটায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম ।
সভায় রেঞ্জাধীন জেলাসমূহের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ডিআইজি অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, দ্রুত ও মানসম্মত তদন্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজামণ্ডপের সুরক্ষা নিয়ে ডিআইজি মহোদয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা উদ্যাপন সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
এ সময় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



























