পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ, জরিমানা ২০ হাজার
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে এক সার ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, জব্দ করা সারের মধ্যে ১৫ বস্তা টিএসপি, ২২ বস্তা এমওপি ও ২৪ বস্তা ডিএপি সার রয়েছে। জব্দ করা সারগুলো মঙ্গলবার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৬১ বস্তা সার জব্দের পাশাপাশি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার মজুত ও বিপণনে অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























