দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত
‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ৫৭তম বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পণ্যের গুণগত মান নিশ্চিত করা, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন ১’- এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. নাহিদ হোসেন এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, পণ্যের মান নিশ্চিত করা এবং সঠিক পরিমাপ বজায় রাখা ভোক্তার অধিকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জ্বালানির অপচয় রোধ ও পরিবেশের ক্ষতি কমাতে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. হাবিবা খাতুন। তিনি দিবসের প্রতিপাদ্যের আলোকে মানসম্মত পণ্য, নিরাপদ খাদ্য এবং টেকসই উন্নয়নে মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।
দিবসের প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান শাহীন। তিনি জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ ও বিপণনে মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মোঃ জুলফিকার আলী। তিনি বিএসটিআইয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় সংস্থাটির কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মীর মো. সাইফ আলীর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল ও মঞ্জুর মোর্শেদ সুমন, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, মধু ব্যবসায়ী মুজতবা হাসনাইন, জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ এবং ডাচ্-বাংলা ব্যাংকের রকেট ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক এস. এম. শহিদুল ইসলামসহ অন্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে বিএসটিআইয়ের সহকারী পরিচালক মহাসিন রব্বানী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানসম্মত পণ্য উৎপাদন ও বিপণন নিশ্চিত করা, সঠিক পরিমাপ বজায় রাখা এবং জ্বালানির অপচয় কমাতে সরকারি সংস্থার পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



























