শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ১৫ অক্টোবর ২০২৬

ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়,২০বছরের কর্মজীবন শেষে অবসরে ফজলুর রহমান

ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়,২০বছরের কর্মজীবন শেষে অবসরে ফজলুর রহমান
ছবিঃ সংবাদ পরিক্রমা

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে এসব কাজের মধ্য দিয়ে শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসা অর্জন করেছেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান। শিক্ষকতা জীবনের ইতি টানার দিনে তাঁকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে আসেন শিক্ষার্থীরা। ফুলের গালিচা, পুষ্পমাল্য ও মানপত্রে জানানো হয় শ্রদ্ধা ও ভালোবাসা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এ আবেগঘন আয়োজন করা হয়।

সকাল ১০টায় সংবর্ধনা পর্ব শুরু হয়। বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানকে তাঁর বাসভবন থেকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ফুলের গালিচা বিছিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে তাঁর কার্যালয়ে নিয়ে যান। এ সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে পুষ্পমাল্য ও মানপত্র দিয়ে বিদায় সংবর্ধনা জানান।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মোঃ ফজলুর রহমান ২০০৬ সালের ৬ নভেম্বর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করেন। বিশেষ করে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের আবার বিদ্যালয়মুখী করতে তিনি নিজে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিতেন এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শ করতেন।

এ ছাড়া অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিজ উদ্যোগে বহন করে তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে জানানো হয়। শিক্ষার্থীদের প্রতি তাঁর এই ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিকতা কর্মজীবনে তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও বিদ্যালয়ের অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা উঠে আসে। তাঁর দায়িত্ব পালনকালে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ দেওয়ার বিষয়টিও তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দিক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুর সাড়ে ১২টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাফী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাসুমা জাহান ।

আলোচনা সভায় বক্তারা প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

দীর্ঘ দুই দশকের দায়িত্ব শেষে অবসরে গেলেও শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর ভূমিকা শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্মৃতিতে জায়গা করে নেবে। ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায় আয়োজনটি তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর এক আবেগঘন মুহূর্ত হয়ে থাকল।

সর্বশেষ

জনপ্রিয়