দিনাজপুরে দূর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। দুই জেলার সীমান্তবর্তী এলাকাসহ মোট ৮৬টি পূজামণ্ডপকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৬৪টি পূজামণ্ডপ আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত।
শুক্রবার (১৬ অক্টোবর) ৪২ বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
৪২ বিজিবির দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় মোট ৮৬টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দিনাজপুর শহর এলাকায় ২২টি, দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৪১টি পূজামণ্ডপ রয়েছে।
এসব পূজামণ্ডপের নিরাপত্তায় পূজার সময়জুড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা, সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানিয়েছে বিজিবি।



























