ঠাকুরগাঁও সীমান্তে ১ লাখ টাকার মদ ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ ও বিক্রয় নিষিদ্ধ ২১৬ বোতল সিরাপ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের সর্বমোট জব্দমূল্য ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা।
রোববার (১৮ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ অক্টোবর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ চাপসার ও চান্দেরহাট বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ ও ২১৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাঁদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



























