যশোরে ইটভাটা মালিককে ধাওয়া করে হত্যাচেষ্টার অভিযোগ
যশোর সদর উপজেলায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ইটভাটা মালিক ও তার সহযোগীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।
রোববার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া-বলরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. ফেরদাউস আলম (নিউ সোনা ইটভাটার মালিক) যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। জিডি নং- ১৬৯৮। জিডিতে তিনি উল্লেখ করেন, তার সঙ্গে ছিলেন একই এলাকার বাসিন্দা একলাছ উদ্দীন (৪৯)।
জিডি অনুযায়ী, ফেরদাউস আলম ও একলাছ উদ্দীন ভ্যানযোগে বলরামপুর থেকে ঢাকুরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে তাদের নিজস্ব নিউ সোনা ইটভাটার সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ দল তাদের পথরোধ করে।
অভিযোগে বলা হয়, ওই দলটি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। চালক দ্রুত ভ্যান চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করায় তারা প্রাণে রক্ষা পান। পরবর্তীতে মোটরসাইকেল যোগে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে দীর্ঘ পথ ধাওয়া করা হয় এবং পরে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় নরেন্দ্রপুর চৌগাটা এলাকার বাসিন্দা আব্দুল হালিমসহ ১০-১৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে জিডিতে।
ভুক্তভোগীদের দাবি, সম্প্রতি তাদের ইটভাটাটি দখলের চেষ্টা চলছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, জিডি পাওয়া গেছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকায় এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



























