শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ২৩ অক্টোবর ২০২৬

বোদায় দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক

বোদায় দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক
ছবিঃ প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় সরকারি সড়কের কাজ তদারকির সময় নগদ দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন এলজিইডির এক উপসহকারী প্রকৌশলী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক প্রকৌশলীর নাম নূরই আকরাম। তিনি বোদা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী।

স্থানীয়দের অভিযোগ, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে তাঁরা কাজের তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী নূরই আকরামকে অভিযোগ জানালেও তিনি তাতে গুরুত্ব দেননি বলে দাবি তাঁদের।

স্থানীয়রা কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাইলে প্রকৌশলী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাঁর পিছু নিয়ে পথরোধ করেন এবং ব্যাগ তল্লাশির চেষ্টা করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে প্রকৌশলীর বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁর ব্যাগ থেকে এক লাখ টাকা এবং পকেট থেকে আরও ৫০ হাজার টাকা উদ্ধার করে। পরে তাঁকে টাকাসহ হেফাজতে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী নূরই আকরাম বলেন, টাকাগুলো তাঁর ব্যক্তিগত এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন।

এ বিষয়ে বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে এত পরিমাণ নগদ টাকা সঙ্গে রাখার বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রকৌশলীকে টাকাসহ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকার উৎস সম্পর্কে জানার চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়