বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ১০ এপ্রিল ২০২৬

‘ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার’

‘ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার’
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়ে সরকার ভাবনা–চিন্তা করছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সার্কিট হাউসে প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, উচ্চ আয়ের ব্যক্তি ও উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর কর বৃদ্ধি এবং ব্যাংক লেনদেনে নতুন কর প্রবর্তনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কর আদায়কে স্বচ্ছ ও কার্যকর করতে পুরো প্রক্রিয়া ডিজিটালাইজের প্রস্তুতি চলছে। তার ভাষায়, “শুধু এনবিআর একা সরকারের রাজস্ব লক্ষ্য অর্জন করতে পারবে না—সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে কর আদায়ে আরও আধুনিক ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বৃদ্ধি আসন্ন বাজেটের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ছোট-বড় সরকারি প্রকল্পকে করের আওতায় আনা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশন এবং কাস্টমস বন্ডের অপব্যবহার রোধে অটোমেশন চালুর উদ্যোগ চলছে।

আবদুর রহমান খান বলেন, কর প্রদান প্রক্রিয়া ডিজিটাল হলে কাস্টমস, ভ্যাট বা বন্ড অফিসে সরাসরি যাওয়ার প্রয়োজন কমবে। ট্যাক্স রিটার্ন সঠিকভাবে জমা হলে রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসাবে পাঠানো হবে। কর ফাঁকি ও ভুয়া অডিট রিপোর্টের প্রবণতা নিয়েও সতর্ক করেন তিনি এবং অটোমেটেড রিটার্ন ও ভ্যাট প্রদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিকেলে এনবিআর চেয়ারম্যান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬–২৭ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আরেক আলোচনায় অংশ নেন।

সর্বশেষ