সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ৩১ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্রের লারাক দ্বীপে হামলার পর জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা একটি ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারের জ্বালানি পণ্যের দামে। খবর আলজাজিরার।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট জিএমটি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়েছে ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ১৮ ডলারে।

অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী ছিল। প্রতি ব্যারেলে ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ডব্লিউটিআইয়ের দাম উঠেছে ৮৪ দশমিক ৩২ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কাই তেলের বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর  বলেন, পরিস্থিতি আবারও উত্তেজনার একটি পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। তবে এই উত্তেজনা কত দিন স্থায়ী হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

তার মতে, চলমান উত্তেজনা কয়েক দিন স্থায়ী হতে পারে, আবার তা গড়াতে পারে কয়েক সপ্তাহেও।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়