সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
নতুন মাসেও জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না। আগস্টে যে দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল বিক্রি হয়েছে, সেপ্টেম্বরজুড়েও একই মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফলে ১ সেপ্টেম্বর থেকে দেশের বাজারে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার বিষয়টি জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছিল। ওই মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত এই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে।
অর্থাৎ, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পুরো সেপ্টেম্বর মাসে আগের নির্ধারিত দামেই দেশের বাজারে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল বিক্রি হবে।



























