বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় কমানো হলো স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। বুধবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় বিক্রি হবে। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে কোনো অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যোগ হবে।

এদিকে ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের পূর্বনির্ধারিত নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ মূল্য কার্যকর থাকবে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সকালে দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দিন প্রতি ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

নতুন সিদ্ধান্তের ফলে মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমল।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়