টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নতুন এ মূল্য তালিকা ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এর আগে বুধবার একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
শুধু স্বর্ণ নয়, একই সঙ্গে বেড়েছে রুপার দামও। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।



























