বৃষ্টিতে চড়া সবজির বাজার, কমছে না ডিম-মুরগির দাম
বৃষ্টির কারণে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে সর্বোচ্চ ১৪০ টাকায় উঠেছে। অন্যদিকে, এক মাসের বেশি সময় ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগি। সবজি ও আমিষ—দুই খাতেই বাড়তি খরচের চাপে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজারে ডিম ও মুরগির দাম এক মাসের বেশি সময় ধরে কমেনি। এর আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং ফার্মের মুরগির ডিমের ডজন ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতো। আগস্টের শুরুতে পণ্য দুটির দাম বাড়ার পর আর কমেনি।
বিক্রেতারা বলছেন, গত পাঁচ-ছয় মাসে বন্যা, অতিবৃষ্টি ও গরমে অনেক খামারে ডিম পাড়া মুরগিসহ ব্রয়লার মুরগি মারা গেছে। পরে অনেক খামারি নতুন করে মুরগি পালন শুরু করেননি। সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতির কারণেও খামারে মুরগি পালন কমেছে। এসব কারণে বাজারে ডিম ও মুরগির দাম কিছুটা বেশি রয়েছে।
সোনালি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ৩০ টাকা বেড়েছে। গতকাল প্রতি কেজি সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হয়েছে। হাইব্রিড সোনালি বা কালারবার্ড মুরগির দাম কিছুটা কম, প্রতি কেজি ৩০০ থেকে ৩৩০ টাকা।
দীর্ঘ সময় ধরে ডিম ও মুরগির দাম না কমায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজধানীর তাজমহল রোডের বাসিন্দা তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমার আয় কম। মাংসের মধ্যে মুরগিই মূলত কেনা হয়। সেটির দামই কমছে না।’
সবজিতে বাড়তি খরচ
আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা, বরবটি ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা ও টমেটো ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঝিঙা, ধন্দুল, চিচিঙ্গা, করলা ও শসার দাম প্রতি কেজি ৮০ টাকা।
এ ছাড়া প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা ও কাঁচা মরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান। তিনি বলেন, আজ বাজার করতে এসে দেখছি সবজিগুলোর দাম বাড়তি যাচ্ছে। বলতে গেলে সব সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম ছিল, আজ দেখছি বাড়তি দাম।
রামপুরা বাজারের সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। আজ পাইকারি সবজি কিনতে গিয়ে দেখি, পাল্লা প্রতি সব সবজির দাম বেড়েছে। আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের, যার প্রতি কেজি ১৪০ টাকা। এ ছাড়া পেঁপের দাম সবচেয়ে কম, যার প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে গেলে আবার সবজির দাম কমে আসবে।



























