যুদ্ধবিরতির সম্ভাবনায় কমল বিশ্ববাজারে তেলের দাম
এক সপ্তাহ ধরে ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার প্রভাব তেলের বাজারে পড়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ৯৩ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।
এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা যায়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পায়।
বৃহস্পতিবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অন্যদিকে, এর আগের টানা ছয় কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দাম ১৩ শতাংশ কমেছিল।
চলতি সপ্তাহে এখন পর্যন্ত ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। তবে একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।



























