শনিবার খোলা থাকবে দেশের সব ব্যাংক
শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফশিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, পূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। এ ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোতে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
তবে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা এবং বুথগুলোতে সীমিত পরিসরে সেবা চালু রাখতে হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। পূর্বনির্ধারিত ছুটির সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। পরে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
সরকার ঘোষিত ২০ থেকে ২২ অক্টোবরের তিন দিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন কর্মবিরতিতে থাকবেন। এই ছুটির সঙ্গে সামঞ্জস্য রাখতেই ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।



























