বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪০, ৩ এপ্রিল ২০২৬

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই ইবি কেন্দ্রে ভর্তিচ্ছুদের ভিড়

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই ইবি কেন্দ্রে ভর্তিচ্ছুদের ভিড়
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এই ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৯১৩৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘন্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৯ টা থেকেই কেন্দ্রের আশেপাশে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন ঘটে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে তল্লাশি করে করে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোন বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মোট ৭টি ভবনে পরীক্ষার্থীদের জন্য আসন ব্যবস্থা করা হয়েছে। ভবনভিত্তিক বণ্টন অনুযায়ী, ধর্মতত্ত্ব অনুষদ ভবনে ১ হাজার ৩০৫ জন (রোল: ৩০০০০১–৩০১৩০৫), রবীন্দ্র-নজরুল ভবনে ২ হাজার ২৪ জন (রোল: ৩০১৩০৬–৩০৩৩২৯) এবং ব্যবসায় প্রশাসন ভবনে ১ হাজার ৫৬৮ জন (রোল: ৩০৩৩৩০–৩০৪৮৯৭) পরীক্ষায় অংশ নিয়েছে।

এছাড়া মীর মশাররফ ভবনে ১ হাজার ৫৬৯ জন (রোল: ৩০৪৮৯৮–৩০৬৪৬৬), ইবনে সিনা ভবনে ১ হাজার ৪০০ জন (রোল: ৩০৬৪৬৭–৩০৭৮৬৬) এবং ফলিত বিজ্ঞান ভবনে ৯৫৮ জন (রোল: ৩০৭৮৬৭–৩০৮৮২৪) পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। অন্যদিকে, ল্যাবরেটরি স্কুল ভবনে ৩০৯ জন পরীক্ষার্থী (রোল: ৩০৮৮২৫–৩০৯১৩৩) পরীক্ষায় অংশ নিয়েছে।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য দেখা যায়। পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদেরও ক্যাম্পাসে ভিড় করতে দেখা যায়।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।