খুকৃবির ছাত্র হলে নতুন দুই সহকারী প্রভোস্ট নিয়োগ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) অস্থায়ী ছাত্র হলে নতুন দুই সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আগামী দুই বছরের জন্য এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল ইসলাম এবং সয়েল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জোনায়েতকে সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, দায়িত্ব পালন শেষে অব্যাহতি পেয়েছেন কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান এবং এনিম্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ উজ্জ্বল হোসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায়িত্ব পালনকালে নিষ্ঠা, দক্ষতা ও সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
নবনিযুক্ত সহকারী প্রভোস্টদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, তারা হলের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ও ইতিবাচক আবাসিক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে জারিকৃত আদেশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে নবনিযুক্ত সহকারী প্রভোস্টরা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বিদায়ী কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তর এবং নবনিযুক্তদের দ্রুত দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।



























