বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ২৬ আগস্ট ২০২৬

৪০ বিশ্ববিদ্যালয় নিয়ে গোবিপ্রবিতে ইন্টারডিসিপ্লিনারি সামিট

৪০ বিশ্ববিদ্যালয় নিয়ে গোবিপ্রবিতে ইন্টারডিসিপ্লিনারি সামিট
ছবিঃ প্রতিনিধি

দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’। আগামী ২৮ ও ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে কাজ করা সংগঠন জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (জিএসটিইউজিএসি)।

বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ১১৩ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি সেশনসহ মোট সাতটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

ড. নিয়াজ আল হাসান জানান, সম্মেলনের জন্য মোট ১১১টি গবেষণাপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৬৬টি গবেষণাপত্র চূড়ান্ত উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রগুলো পরবর্তীতে ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে। পাশাপাশি সম্মেলনের কার্যবিবরণী (প্রসিডিংস) আইএসবিএন নিবন্ধনের উদ্যোগও নেওয়া হয়েছে। গবেষণা কার্যক্রমে ৩৬ জন সহলেখক (অবজারভার) যুক্ত রয়েছেন।

তিনি আরও জানান, সম্মেলনের বিভিন্ন অধিবেশনের দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং গোবিপ্রবিসহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

আয়োজকদের দাবি, ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ, সাতটি আন্তঃবিষয়ক সেশন এবং আইএসবিএন-নিবন্ধিত কার্যবিবরণী প্রকাশের উদ্যোগের কারণে ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ দেশের অন্যতম বৃহৎ শিক্ষার্থী গবেষণা সম্মেলনে পরিণত হতে যাচ্ছে।

তাদের মতে, এ সম্মেলন শিক্ষার্থীদের গবেষণা বৃহত্তর পরিসরে উপস্থাপন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তঃবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়