শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২৭ আগস্ট ২০২৬

রাবিপ্রবি ছাত্র হলে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন

রাবিপ্রবি ছাত্র হলে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন
ছবিঃ প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) অস্থায়ী ছাত্র হলে শৃঙ্খলা বজায় রাখা, নিয়ম-কানুন বাস্তবায়ন এবং আবাসিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে একাধিক নির্দেশনা জারি করেছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ছাত্র হলের প্রভোস্ট অফিস থেকে প্রকাশিত পৃথক নোটিশে এ নির্দেশনাগুলো জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, হল প্রশাসনের পূর্বানুমতি ছাড়া কোনো আবাসিক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করতে পারবেন না। অনুমতিবিহীনভাবে হলের বাইরে অবস্থানের মেয়াদ তিন দিনের বেশি হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে হলে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নোটিশ অনুযায়ী, যেসব ব্যক্তি বা শিক্ষার্থী প্রশাসনের অনুমতি ছাড়া বর্তমানে হলে অবস্থান করছেন, তাদের আগামী তিন দিনের মধ্যে হল ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হল না ছাড়লে কিংবা ভবিষ্যতে অনুমতিবিহীন কাউকে হলে অবস্থানরত পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্য একটি নোটিশে আবাসিক শিক্ষার্থীদের দ্রুত পরিচয়পত্র (আইডি কার্ড) সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের হল অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে বলা হয়েছে। ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

হলের শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সতর্ক করে প্রশাসন জানিয়েছে, হলের শৃঙ্খলা বজায় রাখা সকল আবাসিকের দায়িত্ব। নিয়ম-কানুন অমান্য করা, বিশৃঙ্খলা সৃষ্টি, অন্য শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো কিংবা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

হল প্রশাসন সকল আবাসিক শিক্ষার্থীকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট ছাত্র হলের আসন বরাদ্দ সংক্রান্ত একটি পৃথক নোটিশ জারি করা হয়েছিল। সর্বশেষ জারি করা নোটিশগুলোতে স্বাক্ষর করেছেন ছাত্র হলের প্রভোস্ট জি এম শাখাওয়াত হোসেন এবং সহকারী প্রভোস্ট মো. আব্দুল হালিম।
 

জনপ্রিয়