কুবিতে তিন শিক্ষার্থীর নিরাপত্তা চেয়ে প্রক্টর অফিসে আবেদন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন। তারা হলেন অন্তু দাশ, মোঃ হাসান ও সরোয়ার হাসান রিয়াদ। সম্প্রতি র্যাগিংয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন একই বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে তারা এ আবেদন জমা দেন।
আবেদনপত্রে অভিযোগ করা হয়, অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেন গত ১ আগস্ট বিজয়-২৪ হলের ১০২ নম্বর কক্ষে ওঠেন। এরপর থেকে তার আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের জানানো হলে তারা আমিরের সঙ্গে কথা বলেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদন অনুযায়ী, গত ১৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে আমির হোসেন ও তার সহপাঠী অপূর্ব দেবনাথকে বিজয়-২৪ হলের ৩১৩ নম্বর কক্ষে ডেকে অভিযোগগুলো সম্পর্কে অবহিত করা হয়। এ সময় আমির অভিযোগগুলো অস্বীকার করেন এবং একপর্যায়ে কক্ষ ত্যাগ করেন।
আবেদনে আরও বলা হয়, কক্ষ থেকে বের হওয়ার পর আমির হোসেন তার সিনিয়র সরোয়ার হাসান রিয়াদকে ফোন করে হুমকি দেন। পরদিন অন্তু দাশকে একটি ভার্চুয়াল নম্বর থেকে ফোন করে আমিরের বড় ভাই পরিচয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় অন্তু দাশ ১৬ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, গত ২৩ আগস্ট আমির হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে অভিযোগপত্র জমা দেন, সেটিকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন আবেদনকারীরা। তাদের অভিযোগ, ওই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ফলে বিশ্ববিদ্যালয়, বিজয়-২৪ হল এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, তাদের আবেদনপত্র আমি পেয়েছি। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এবং আরেকজন শিক্ষক বিষয়টি সমাধানের জন্য দুই দিন সময় চেয়েছেন। তারা সমাধান করতে না পারলে প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট বিজয়-২৪ হলের ৩১৩ নম্বর কক্ষে অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেনকে রাতভর র্যাগিংয়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৩ আগস্ট অন্তু দাশ, মো. হাসান ও সরোয়ার হাসান রিয়াদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন আমির হোসেন। বিষয়টি বর্তমানে প্রশাসনিক প্রক্রিয়াধীন রয়েছে।



























