শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৮, ২৭ আগস্ট ২০২৬

ধর্মীয় অবমাননাকর পোস্ট শেয়ার, বুটেক্স শিক্ষার্থী বহিষ্কার

ধর্মীয় অবমাননাকর পোস্ট শেয়ার, বুটেক্স শিক্ষার্থী বহিষ্কার
ছবিঃ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন একটি পোস্ট শেয়ার করার অভিযোগে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী মোঃ আবদুল্লাহ আল শামীম বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ আজিজ হলের আবাসিক ছাত্র।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত শিক্ষার্থী তার কর্মকাণ্ডের বিষয়ে দায় স্বীকার করেন। পরবর্তীতে হলের শৃঙ্খলা প্রবিধান-২০১৯-এর ৮(ক) ধারা অনুযায়ী তাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) আবদুল্লাহ আল শামীমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন একটি পোস্ট দেখা গেলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে হল প্রশাসন বিষয়টি পর্যালোচনা করে এবং তার মোবাইল ফোন যাচাই করে কিছু আপত্তিকর ছবি ও স্ক্রিনশট খুঁজে পাওয়ার দাবি করে।

পরিস্থিতি বিবেচনায় ওই রাতেই হল প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীটি হল ত্যাগ করে নিজ বাড়িতে চলে যান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা হল থেকে স্থায়ী বহিষ্কার এবং এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সুজয় রায় বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছি।

অভিযুক্ত শিক্ষার্থী আবদুল্লাহ আল শামীম দাবি করেন, তিনি পোস্টটি সংরক্ষণের উদ্দেশ্যে শেয়ার করেছিলেন এবং এটি তার টাইমলাইনে প্রকাশ হয়েছে—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। একই সঙ্গে তিনি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।

শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হল প্রশাসনের বিধি অনুযায়ী তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও জানান, হল প্রশাসনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও শৃঙ্খলা নীতিমালার আলোকে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে হলে পুনরায় অবস্থানের অনুমতি চেয়ে হল প্রভোস্ট বরাবর আবেদন করেছেন আবদুল্লাহ আল শামীম। আবেদনে তিনি নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল থাকার অঙ্গীকার করেছেন।

জনপ্রিয়