শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২৯ আগস্ট ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ছবিঃ প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ক্যাম্পাসের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফলজ ও শোভাবর্ধক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘বৃক্ষে বৃক্ষে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ এবং ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (আইএসডিআরএফ) যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করে।

কর্মসূচির আওতায় আম, পেয়ারা, মালটাসহ বিভিন্ন ফলজ ও শোভাবর্ধক প্রজাতির অর্ধশতাধিক গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, আইএসডিআরএফের সহসভাপতি মো. আনিসুর রহমান, অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে আইএসডিআরএফের সহসভাপতি মো. আনিসুর রহমান বলেন, দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা হলেও সেখানে ফলজ গাছের সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে পশুপাখির স্বাভাবিক খাদ্যের উৎসও সংকুচিত হয়ে যাচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফলজ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পরিবেশের পাশাপাশি জীববৈচিত্র্যও উপকৃত হয়।

তিনি আরও বলেন, ফলজ গাছ বাড়লে পশুপাখি যেমন খাদ্য পাবে, তেমনি শিক্ষার্থীরাও এর সুফল ভোগ করতে পারবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব গাছ।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ফল দিতে শুরু করলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপকৃত হবেন। তিনি গাছগুলোর সুরক্ষা ও পরিচর্যায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
 

জনপ্রিয়