সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ৩০ আগস্ট ২০২৬

গবেষণার মানোন্নয়নে যবিপ্রবি রসায়ন বিভাগের নতুন দুই ল্যাব চালু

গবেষণার মানোন্নয়নে যবিপ্রবি রসায়ন বিভাগের নতুন দুই ল্যাব চালু
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ করতে সংস্কারকৃত দুটি আধুনিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার (৩০ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাব দুটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

অনুষ্ঠানের শুরুতে রসায়ন বিভাগের চেয়ারম্যান বিভাগের শিক্ষা, গবেষণা কার্যক্রম ও অর্জনসমূহ তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিচয় তার গবেষণা কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পায়। রসায়ন বিভাগকে মানসম্মত ও বিশ্বমানের গবেষণার দিকে আরও এগিয়ে যেতে হবে। নতুনভাবে সংস্কার করা আধুনিক ল্যাবগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও গবেষণায় নতুন গতি সঞ্চার করবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাবকে আধুনিক সুবিধাসমৃদ্ধ করার কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, কেন্দ্রীয় ল্যাবসহ বিশ্ববিদ্যালয়ের সব ল্যাবকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারলে গবেষণার মান বৃদ্ধি পাবে এবং ব্যয়বহুল যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আর্থিক বরাদ্দের বিষয়ে বিভাগগুলোকে তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গবেষণার উন্নয়নে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলীসহ বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন। তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম সংযোজনের ফলে এখন বিভাগে জটিল গবেষণা প্রকল্প বাস্তবায়ন আরও সহজ হবে।

অনুষ্ঠান শেষে উপাচার্য নবসজ্জিত ল্যাব দুটির বিভিন্ন যন্ত্রপাতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। ল্যাবগুলোতে আধুনিক কেমিক্যাল স্টোরেজ ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাসের সুবিধা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংযোজন করা হয়েছে।

জনপ্রিয়