যবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা শুরু
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের মানসিক বিকাশ, মেধা ও ক্রীড়া উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রক্টর ড. মো. হামিদুর রহমান। বক্তব্যে তিনি বলেন, "পড়াশোনার পাশাপাশি দাবা ও ক্যারামের মতো খেলাধুলা শিক্ষার্থীদের বুদ্ধি, একাগ্রতা ও সমন্বয় ক্ষমতা বাড়াতে সহায়ক। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সদ্ভাব সুদৃঢ় হয়।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার। এ ছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো. শাহিনুর রহমান। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২ সেপ্টেম্বর বর্ণাঢ্য পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে।



























