বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৬

যবিপ্রবি সাংবাদিক সমিতির বর্ষসেরা ফিচার লেখক মাহফুজ

যবিপ্রবি সাংবাদিক সমিতির বর্ষসেরা ফিচার লেখক মাহফুজ
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বর্ষসেরা ফিচার লেখক’ সম্মাননায় ভূষিত হয়েছেন সংবাদ পরিক্রমার যবিপ্রবি প্রতিনিধি ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম। 

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি দৈনিক এদিনের প্রতিনিধি সাব্বির রহমান রাব্বিলকেও ফিচার লেখক হিসেবে সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, নবীন বরণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

অনুষ্ঠানে অন্যান্য ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হিসেবে আরটিভির আলফাজ হোসেন আরবি ও ঢাকা মেইলের মোঃ রকিবুল হাসান তারেক এবং উদীয়মান প্রতিবেদক হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাসের মো. সাব্বির আহম্মেদকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একটি দেশের জন্য সাংবাদিকতা যেমন স্তম্ভের ভূমিকা রাখে, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্যও সাংবাদিক সমিতি একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সাংবাদিকরা সামনে তুলে ধরলে প্রশাসন তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি উন্নয়নমুখী পরিবেশ গড়ে তুলতে চাই। সাংবাদিক সমিতি ক্যাম্পাসের কার্যক্রম, অর্জন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান বলেন, সংবাদকর্মীদের জীবন নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে সত্যকে তুলে ধরে। ভবিষ্যতেও সৎ, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার পথে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।

লেখনীর এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাহফুজুল ইসলাম বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের প্রতি অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব বাড়িয়ে দেয়। ক্যাম্পাসের বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি নানা সম্ভাবনা, অর্জন ও শিক্ষার্থীদের জীবনের গল্প লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলার প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

যবিপ্রবিসাসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়