বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ২ সেপ্টেম্বর ২০২৬

যবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত 'আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

দাবা প্রতিযোগিতার ছাত্র ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজ্জাদুল হাসান নাঈম ও মোঃ আরিফুল ইসলাম চ্যাম্পিয়ন এবং ক্লাইমেট ডিসাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অপূর্ব দেবনাথ ও নাফিউল ইসলাম সিয়াম রানার-আপ হন। ছাত্রী ক্যাটাগরিতে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের জাকওয়ানা জুঁই ও নিশাত তাসনিম মিম চ্যাম্পিয়ন এবং ইংরেজি বিভাগের সানজিদা আলম তিশা ও ফাল্গুনি অধিকারী রানার-আপ হন।

ক্যারাম প্রতিযোগিতার ছাত্র ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট বিভাগের মোঃ আহসান হাবীব, মোঃ মিদ্দিন, মাশফি চৌধুরী অনিন ও মৃন্ময় মণ্ডল চ্যাম্পিয়ন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. সিফাত হাওলাদার, এনায়েত শেখ, মোঃ ইসরাফিল আহমেদ ও মোঃ রাইয়ান রহমান রানার-আপ হন। ছাত্রী ক্যাটাগরিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের জান্নাতুল ইসলাম রুমি, চসাউ রোয়াজা, সাদিয়া আক্তার ও মাহবুবা হাসনা চ্যাম্পিয়ন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মারশিয়া সুলতানা, অনিন্দিতা মজুমদার, সামিয়া ফেরদৌস ও মাসাবা রহমান সুচি রানার-আপ হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা এই দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান চ্যাম্পিয়ন ও রানার-আপদের অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি এ ধরনের ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পাশাপাশি শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। যবিপ্রবি সবসময় ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আশা করি, সকলের প্রচেষ্টায় যবিপ্রবি ক্রীড়াক্ষেত্রে দেশব্যাপী এই সফলতা আগামীতেও ধরে রাখবে।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার এবং বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন।

এ ছাড়া শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি, সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতার বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

সর্বশেষ

জনপ্রিয়