খুকৃবির একাডেমিক ভবন-১-এর নতুন নামকরণ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য ও নিজস্ব পরিচয় সুসংহত করার লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান ভবন এর নাম সংশোধন করে আনুষ্ঠানিকভাবে 'খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন-১' হিসেবে পুনর্নামকরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় চালুর সূচনা থেকেই ভবনটি 'দেয়ানা কলেজিয়েট মাধ্যমিক স্কুল' নামে পরিচিত ছিল। উচ্চশিক্ষার এই শীর্ষ প্রতিষ্ঠানের একটি ভবনে মাধ্যমিক স্কুলের নাম যুক্ত থাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভাবমূর্তি, স্বাতন্ত্র্য ও একাডেমিক পরিচয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ ছিল। বিষয়টি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের নিকট দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছিল।
সম্প্রতি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবাগত উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার স্যার যোগদান করার পর বিষয়টি বিশেষভাবে গুরুত্বের সাথে উপলব্ধি করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সম্মান ও সঠিক ঐতিহ্য পুনরুদ্ধারে তিনি দ্রুততম সময়ের মধ্যে ভবনটির পূর্বের নাম পরিবর্তন করে নিজস্ব নামে নামকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তাদের অনুকূলে বিশ্ববিদ্যালয় বান্ধব, শিক্ষার্থীবান্ধব যে কোন সিদ্ধান্ত নিতে সর্বদা প্রস্তুত আছেন। শিক্ষার্থীরা আরো আশা করেন যে, মাননীয় ভাইস চ্যান্সেলের স্যারের নেতৃত্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিক বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।
বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ও শিক্ষাবিদদের মতে, এটি কেবল একটি সাধারণ নামের পরিবর্তন নয়; বরং বিশ্ববিদ্যালয়ের আত্মমর্যাদা, ঐতিহ্য এবং স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক সত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রতিটি একাডেমিক স্থাপনা যখন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নাম ও পরিচয় বহন করে, তখন তা শিক্ষার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক গর্ব ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়।
উপাচার্যের এই সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগকে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সাধুবাদ জানিয়েছেন। সংশ্লিষ্ট সকলেই আশা করছেন, এ ধরণের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।



























