আইকিউএসিতে নতুন দায়িত্ব পেলেন দুই শিক্ষক
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে নতুন দুই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, আইকিউএসি এর পরিচালক ড. নৌশিন জাহান এবং অতিরিক্ত পরিচালক মো. জহরুল ইসলামের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে দুই শিক্ষককে ওই দুটি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নানকে আইকিউএসি এর পরিচালক এবং ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আসাদুর রহমানকে অতিরিক্ত পরিচালক করা হয়েছে।
ড. হান্নান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের University of Wisconsin Madison এর মধ্যকার একটি ‘স্যান্ডউইচ প্রোগ্রাম’-এর আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকার আইসিডিডিআর,বি (icddr,b)-তে গবেষক হিসেবে কাজ করেছেন। তিনি জাপানের Osaka Prefecture University থেকে পিএইচডি এবং Obihiro University of Agriculture and Veterinary Medicine থেকে পোস্ট-ডক্টরেট করেছেন । তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে ৩০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিস রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও গবেষক মো: আসাদুর রহমান জলবায়ু পরিবর্তন ও মৎস্যবিজ্ঞান নিয়ে নিরলস গবেষণা করে যাচ্ছেন। ঢাকার নটর ডেম কলেজের প্রাক্তন এই কৃতি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে বিএসসি এবং এমএস ডিগ্রি লাভ করেন। সুন্দরবনের জেলেদের জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তাঁর করা বিশেষ গবেষণাটি বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল 'মেরিন পলিসি'-তে প্রকাশিত হয়। ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি জলবায়ু পরিবর্তন, সমন্বিত বহুমাত্রিক জলজ চাষ (IMTA) এবং মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে কাজ করছেন। এ পর্যন্ত দেশি-বিদেশি জার্নালে তাঁর ১২টি প্রকাশনা রয়েছে, যার মধ্যে ৬টি অত্যন্ত মর্যাদাপূর্ণ 'কিউ-১' (Q1) র্যাংকড জার্নালে প্রকাশিত। এছাড়া তিনি ম্যানগ্রোভ নিয়ে আন্তর্জাতিক বইয়ের অধ্যায় লিখেছেন, ৪টি গবেষণা প্রকল্পে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ৮টি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষকের নেতৃত্বে খুকৃবির আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, গবেষণার উৎকর্ষ ও একাডেমিক পরিবেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। দায়িত্ব পালনে তাঁদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।



























