মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মাহফুজুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মোঃ মীর মোশাররফ হোসেন

যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মোঃ মীর মোশাররফ হোসেন
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক পদে নতুন দায়িত্ব পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে আইকিউএসি’র পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আইকিউএসি’র পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, নতুন দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। 

নতুন দায়িত্ব পেয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ড. মোঃ মীর মোশাররফ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিতকরণ নীতি প্রণয়ন এবং প্রতিটি বিভাগ ও অনুষদে গুণগত শিক্ষার পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।  এ লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের  মানদণ্ড অনুসরণ করে স্ব-মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত, নথির ভাণ্ডার সংরক্ষণ এবং আউটকাম-বেজড এডুকেশন কারিকুলাম বাস্তবায়নে কাজ করব। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের আইসিটি ও এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, নতুন শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং, নিয়মিত কোর্স ও ধারাবাহিক মূল্যায়ন, অ্যালামনাই সার্ভে, মানসম্মত গবেষণা প্রকাশনা এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়নে উদ্যোগ নেব। এসব কার্যক্রমে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে কাজ করে যাব।”

জনপ্রিয়