বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খুকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নজরুলবর্ষ উপলক্ষে খুকৃবিতে আন্তঃঅনুষদীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুলবর্ষ উপলক্ষে খুকৃবিতে আন্তঃঅনুষদীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
ছবিঃ প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃঅনুষদীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের মাল্টিপারপাস রুমে এ উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার চেতনাকে বুকে ধারণ করার প্রতি জোর দেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে এনিমেল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তসলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোঃ আসাদুজ্জামান সরকার বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচেতনার কবি। তাঁর সাহিত্য ও নানামুখী সৃষ্টিকর্ম অন্যায়, বৈষম্য, ধর্মীয় সংকীর্ণতা ও সামাজিক বিভেদের বিরুদ্ধে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা জোগায়।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই সীমাবদ্ধ না থেকে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে; যা তাঁদের মানবিক মূল্যবোধ, উন্নত মননশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখবে।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, ধর্মীয় সাম্য ও সম্প্রীতির আলোকে কবির সৃষ্টি নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও মৌলিক দর্শন নিয়ে নতুন নতুন কাজ করে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

প্রতিযোগিতায় বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনায় অংশ নেন। শিক্ষার্থীদের এই প্রাণবন্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক দর্শন পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে বিশেষ অবদান রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়