বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের নবীনবরণ অনুষ্ঠিত

গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের নবীনবরণ অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের নতুন সহচর ভর্তি-ইচ্ছুকদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মজনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “তোমাদের স্কাউটদের আমি দেখি সবসময়। আমার খুব ভালো লাগে, যদিও আমার কখনো সুযোগ হয়নি করার। আমি খুব ফীল করি যে তোমাদের এটা ভীষণ ভালো একটা সংগঠন। আমি মনে করি তোমরা যারা এর সাথে জড়িত থাকো তোমরা কখনো খারাপ কাজ করতে পারো না। এই নতুন প্রজন্মের জন্য তোমরা হলে আদর্শ, যারা তোমাদেরকে ফলো করবে।”

তিনি আরো বলেন, “আমরা যতই পড়ালেখা করি না কেনো, সত্য বলার সৎ সাহস যদি আমাদের না থাকে, মানুষের বিপদে আপদে আমরা যদি বন্ধুর মত পাশে দাড়াতে না পারি, আমাদের সমস্ত অর্জন বৃথা হয়ে যাবে। মানুষ শুধু নিজের জন্য বাঁচে না। নিজের ভালো গুণগুলো অর্জনের চেষ্টা করো। Rover will definitely guide you on the right path. আমি ভীষণ খুশি যে আমি আসতে পেরেছি তোমাদের এই প্রোগ্রামে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, “অনেকেই তোমাদের মধ্যে মনে করবে যে সারাদিন ক্লাস পরীক্ষার পরে কি দরকার? সেটা এখন বুঝবে না। কিন্তু যখন লেখাপড়া শেষ করে বাইরে যাবে তখন যেকোনো কম্পিটিশনে তোমার অবস্থান হবে ফার বেটার।”

তিনি আরো বলেন, “তোমাদের প্রতিদিনের ডায়েরি/ লগবুক লিখতে হয়, বছর শেষে সেটা জমা দিতে হয়। সেটা আবার গ্রুপ, জেলা এবং জাতীয় পর্যায়ে ইভালুয়েশনের মাধ্যমে পিআরএস হওয়া যায়। যারা পিআরএস হয় তাদের পারফরম্যান্স যেকোনো জায়গায় আর পাঁচজন ব্যাক্তির চেয়ে ভালো হবে। কোথাও কোনো অন্যায় হচ্ছে, অন্য একজন পাশ দিয়ে হেঁটে যাবে। তুমি সেটা পারবে না। সবাই আন্তরিকতার সাথে এখানে আসো, শুধু সার্টিফিকেট নেয়ার জন্য না। শিক্ষা কখনো বিফলে যায় না।”

উদ্বোধনী বক্তব্যে গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মজনুর রশিদ বলেন, “বর্তমানে পুরো বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট খুবই ভালো অবস্থানে আছে এবং এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস থেকে ‘শ্রেষ্ঠ জেলা’ হওয়ার সম্মাননা পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে রোভাররা বিভিন্ন সমাজসেবামূলক এবং আত্ম উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে। এর মাধ্যমে ইতিমধ্যেই তাদের মধ্য থেকে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডসহ নানাধরণের অর্জন উঠে এসেছে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআরএস অনিক কুমার সাহা, তৌফিক এলাহি, মো. কায়েস ইসলাম, ৭ম রোভার-ইন-কাউন্সিলের সভাপতি ফারিহা নওরিন, সহ-সভাপতি তুষার রঞ্জন দাস রবিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি নয়ন খান, সানজিদা নাহার শোভা-সহ গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সকল রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়